তপের তাপের বাঁধন কাটুক রসের বর্ষণে
তপের তাপের বাঁধন কাটুক রসের বর্ষণে। হৃদয় আমার, শ্যামল-বঁধুর করুণ স্পর্শ নে। অঝোর-ঝরন শ্রাবণজলে তিমিরমেদুর বনাঞ্চলে ফুটুক সোনার কদম্বফুল নিবিড় হর্ষণে। ভরুক গগন, ভরুক কানন, ভরুক নিখিল ধরা, দেখুক ভুবন মিলনস্বপন মধুর-বেদনা-ভরা। পরান-ভরানো ঘনছায়াজাল বাহির-আকাশ করুক আড়াল— নয়ন ভুলুক, বিজুলি ঝলুক, পরম দর্শনে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).