তোমার কটি-তটের ধটি কে দিল রাঙিয়া
তোমার কটি-তটের ধটি কে দিল রাঙিয়া— কোমল গায়ে দিল পরায়ে রঙিন আঙিয়া। বিহানবেলা আঙিনাতলে এসেছ তুমি কী খেলাছলে— চরণ দুটি চলিতে ছুটি পড়িছে ভাঙিয়া। তোমার কটি-তটের ধটি কে দিল রাঙিয়া। কিসের সুখে সহাস মুখে নাচিছ বাছনি— দুয়ার-পাশে জননী হাসে হেরিয়া নাচনি। তাথেই-থেই তালির সাথে কাঁকন বাজে মায়ের হাতে— রাখাল-বেশে ধরেছ হেসে বেণুর পাঁচনি। কিসের সুখে সহাস মুখে নাচিছ বাছনি। নিখিল শোনে আকুল-মনে নূপুর-বাজনা, তপন-শশী হেরিছে বসি তোমার সাজনা। ঘুমাও যবে মায়ের বুকে আকাশ চেয়ে রহে ও মুখে, জাগিলে পরে প্রভাত করে নয়ন-মাজনা। নিখিল শোনে আকুল-মনে নূপুর-বাজনা।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).