সকল জনম ভ’রেও মোর দরদিয়া

Rabindranath Tagore

সকল জনম ভ’রেও মোর দরদিয়া,
কাঁদি কাঁদাই তোরেও মোর দরদিয়া।
আছ হৃদয় মাঝে
সেথা কতই ব্যথা বাজে,
ওগো এ কি তোমায় সাজে
ও মোর দরদিয়া?
এই দুয়ার-দেওয়া ঘরে
কভু আঁধার নাহি সরে,
তবু আছ তারি ’পরে
ও মোর দরদিয়া।
সেথা আসন হয় নি পাতা,
সেথা মালা হয় নি গাঁথা,
আমার লজ্জাতে হেঁট মাথা
ও মোর দরদিয়া।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).