সখা, আপন মন নিয়ে কাঁদিয়ে মরি, পরের মন
সখা, আপন মন নিয়ে কাঁদিয়ে মরি, পরের মন নিয়ে কী হবে। আপন মন যদি বুঝিতে নারি, পরের মন বুঝে কে কবে। অবোধ মন লয়ে ফিরি ভবে, বাসনা কাঁদে প্রাণে হা-হা-রবে— এ মন দিতে চাও দিয়ে ফেলো, কেন গো নিতে চাও মন তবে। স্বপনসম সব জানিয়ো মনে, তোমার কেহ নাই এ ত্রিভুবনে— যে জন ফিরিতেছে আপন আশে তুমি ফিরিছ কেন তাহার পাশে। নয়ন মেলি শুধু দেখে যাও, হৃদয় দিয়ে শুধু শান্তি পাও— তোমারে মুখ তুলে চাহে না যে, থাক্ সে আপনার গরবে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).