সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা
সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা। কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে, সদাই ভাবনা। যা-কিছু পায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা। সুখ-আশে দিশে দিশে বেড়ায় কাতরে— মরীচিকা ধরিতে চায় এ মরুপ্রান্তরে। ফুরায় বেলা, ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে— কাঁদে তখন আকুল-মন, কাঁপে তরাসে। কী হবে গতি, বিশ্বপতি, শান্তি কোথা আছে— তোমারে দাও, আশা পূরাও, তুমি এসো কাছে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).