শেষ বেলাকার শেষের গানে
শেষ বেলাকার শেষের গানে ভোরের বেলার বেদন আনে। তরুণ মুখের করুণ হাসি গোধূলি-আলোয় উঠেছে ভাসি, প্রথম ব্যথার প্রথম বাঁশি বাজে দিগন্তে কী সন্ধানে শেষের গানে। আজি দিনান্তে মেঘের মায়া সে আঁখিপাতায় ফেলেছে ছায়া। খেলায় খেলায় যে কথাখানি চোখে চোখে যত বিজলি হানি সেই প্রভাতের নবীন বাণী চলেছে রাতের স্বপন-পানে শেষের গানে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).