রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে
রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে তোমায় আমায় দেখা হল সেই মোহানার ধারে। সেইখানেতে সাদায় কালোয় মিলে গেছে আঁধার আলোয়— সেইখানেতে ঢেউ ছুটেছে এ পারে ওই পারে। নিতলনীল নীরব-মাঝে বাজল গভীর বাণী, নিকষেতে উঠল ফুটে সোনার রেখাখানি। মুখের পানে তাকাতে যাই, দেখি-দেখি দেখতে না পাই— স্বপন-সাথে জড়িয়ে জাগা, কাঁদি অকুল ধারে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).