প্রভু, এলেম কোথায়
প্রভু, এলেম কোথায়। কখন বরষ গেল, জীবন বহে গেল— কখন কী-যে হল জানি নে হায়। আসিলাম কোথা হতে, যেতেছি কোন্ পথে ভাসিয়ে কালস্রোতে তৃণের প্রায়। মরণসাগর-পানে চলেছি প্রতিক্ষণ, তবুও দিবানিশি মোহেতে অচেতন। এ জীবন অবহেলে আঁধারে দিনু ফেলে— কত-কী গেল চলে, কত-কী যায়। শোকে তাপে জরজর অসহ যাতনায় শুকায়ে গেছে প্রেম, হৃদয় মরুপ্রায়। কাঁদিয়ে হলেম সারা, হয়েছি দিশাহারা— কোথা গো ধ্রুবতারা কোথা গো হায়।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).