ওরে আমার হৃদয় আমার

Rabindranath Tagore

ওরে আমার হৃদয় আমার, কখন তোরে প্রভাতকালে
দীপের মতো গানের স্রোতে কে ভাসালে।
যেন রে তুই হঠাৎ বেঁকে শুকনো ডাঙায় যাস নে ঠেকে,
জড়াস নে শৈবালের জালে॥

তীর যে হোথা স্থির রয়েছে,ঘরের প্রদীপ সেই জ্বালালো—
অচল রহে তাহার আলো।
গানের প্রদীপ তুই যে গানে চলবি ছুটে অকূল-পানে
চপল ঢেউয়ের আকুল তালে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).