নির্জন রাতে নিঃশব্দ চরণপাতে কেন এলে
নির্জন রাতে নিঃশব্দ চরণপাতে কেন এলে। দুয়ারে মম স্বপ্নের ধন-সম এ যে দেখি— তব কণ্ঠের মালা এ কি গেছ ফেলে। জাগালে না শিয়রে দীপ জ্বেলে— এলে ধীরে ধীরে নিদ্রার তীরে তীরে, চামেলির ইঙ্গিত আসে যে বাতাসে লজ্জিত গন্ধ মেলে। বিদায়ের যাত্রাকালে পুষ্প-ঝরা বকুলের ডালে দক্ষিণপবনের প্রাণে রেখে গেলে বল নি যে কথা কানে কানে— বিরহবারতা অরুণ-আভার আভাসে রাঙায়ে গেলে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).