খেলা কর্, খেলা কর্ তোরা কামিনীকুসুমগুলি
খেলা কর্, খেলা কর্ তোরা কামিনীকুসুমগুলি। দেখ্ সমীরণ লতাকুঞ্জে গিয়া কুসুমগুলির চিবুক ধরিয়া ফিরায়ে এ ধার, ফিরায়ে ও ধার, দুইটি কপোল চুমে বারবার মুখানি উঠায়ে তুলি। তোর খেলা কর্, তোরা খেলা কর্ কামিনীকুসুমগুলি। কভু পাতা-মাঝে লুকায়ে মুখ, কভু বায়ু-কাছে খুলে দে বুক, মাথা নাড়ি নাড়ি নাচ্ কভু নাচ্ বায়ু-কোলে দুলি দুলি। দু দণ্ড বাঁচিবি, খেলা তবে খেলা— প্রতি নিমিষেই ফুরাইছে বেলা, বসন্তের কোলে খেলাশ্রান্ত প্রাণ ত্যজিবি ভাবনা ভুলি।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).