কার যেন এই মনের বেদন চৈত্রমাসের উতল হাওয়ায়
কার যেন এই মনের বেদন চৈত্রমাসের উতল হাওয়ায়, ঝুমকোলতার চিকন পাতা কাঁপে রে কার চম্কে-চাওয়ায়। হারিয়ে-যাওয়া কার সে বাণী কার সোহাগের স্মরণখানি আমের বোলের গন্ধে মিশে কাননকে আজ কান্না পাওয়ায়। কাঁকন-দুটির রিনিঝিনি কার বা এখন মনে আছে। সেই কাঁকনের ঝিকিমিকি পিয়ালবনের শাখায় নাচে। যার চোখের ওই আভাস দোলে নদী-ঢেউয়ের কোলে কোলে তার সাথে মোর দেখা ছিল সেই সেকালের তরী-বাওয়ায়।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).