হৃদয় আমার, ওই বুঝি তোর বৈশাখী ঝড় আসে

Rabindranath Tagore

হৃদয় আমার, ওই বুঝি তোর বৈশাখী ঝড় আসে।
বেড়া-ভাঙার মাতন নামে উদ্দাম উল্লাসে।
তোমার মোহন এল ভীষণ বেশে, আকাশ ঢাকা জটিল কেশে—
বুঝি এল তোমার সাধনধন চরম সর্বনাশে।
বাতাসে তোর সুর ছিল না, ছিল তাপে ভরা।
পিপাসাতে বুক-ফাটা তোর শুষ্ক কঠিন ধরা।
এবার জাগ্‌রে হতাশ, আয় রে ছুটে অবসাদের বাঁধন টুটে—
বুঝি এল তোমার পথের সাথি বিপুল অট্টহাসে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).