এ তো খেলা নয়, খেলা নয়— এ যে
এ তো খেলা নয়, খেলা নয়— এ যে হৃদয়দহনজ্বালা সখী। এ যে প্রাণভরা ব্যাকুলতা, গোপন মর্মের ব্যথা, এ যে কাহার চরণোদ্দেশে জীবন মরণ ঢালা। কে যেন সতত মোরে ডাকিয়ে আকুল করে— যাই-যাই করে প্রাণ, যেতে পারি নে। যে কথা বলিতে চাহি তা বুঝি বলিতে নাহি— কোথায় নামায়ে রাখি, সখী, এ প্রেমের ডালা। যতনে গাঁথিয়ে শেষে পরাতে পারি নে মালা।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).