দুজনে এক হয়ে যাও, মাথা রাখো একের পায়ে
দুজনে এক হয়ে যাও, মাথা রাখো একের পায়ে— দুজনের হৃদয় আজি মিলুক তাঁরি মিলন-ছায়ে। তাঁহারি প্রেমের বেগে দুটি প্রাণ উঠুক জেগে— যা-কিছু শীর্ণ মলিন টুটুক তাঁরি চরণ-ঘায়ে। সমুখে সংসারপথ, বিঘ্নবাধা কোরো না ভয়— দুজনে যাও চলে যাও— গান করে যাও তাঁহারি জয়। ভকতি লও পাথেয়, শকতি হোক অজেয়— অভয়ের আশিসবাণী আসুক তাঁরি প্রসাদ-বায়ে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).