দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না
দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না— সেই-যে আমার নানা রঙের দিনগুলি। কান্নাহাসির বাঁধন তারা সইল না— সেই-যে আমার নানা রঙের দিনগুলি। আমার প্রাণের গানের ভাষা শিখবে তারা ছিল আশা— উড়ে গেল, সকল কথা কইল না— সেই-যে আমার নানা রঙের দিনগুলি। স্বপন দেখি, যেন তারা কার আশে ফেরে আমার ভাঙা খাঁচার চার পাশে— সেই-যে আমার নানা রঙের দিনগুলি। এত বেদন হয় কি ফাঁকি। ওরা কি সব ছায়ার পাখি। আকাশ-পারে কিছুই কি গো রইল না— সেই-যে আমার নানা রঙের দিনগুলি।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).