দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে
দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে, আপন জেনে আদর করি নে। পিতা ব’লে প্রণাম করি পায়ে, বন্ধু ব’লে দু হাত ধরি নে। আপনি তুমি অতি সহজ প্রেমে আমার হয়ে যেথায় এলে নেমে সেথায় সুখে বুকের মধ্যে ধ’রে সঙ্গী ব’লে তোমায় বরি নে। ভাই তুমি যে ভাইয়ের মাঝে, প্রভু, তাদের পানে তাকাই না যে তবু— ভাইয়ের সাথে ভাগ ক’রে মোর ধন তোমার মুঠা কেন ভরি নে। ছুটে এসে সবার সুখে দুখে দাড়াই নে তো তোমারি সন্মুখে, সঁপিয়ে প্রাণ ক্লান্তিবিহীন কাজে প্রাণসাগরে ঝাঁপিয়ে পড়ি নে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).