দাঁড়াও আমার আঁখির আগে
দাঁড়াও আমার আঁখির আগে। তোমার দৃষ্টি হৃদয়ে লাগে। সমুখ-আকাশে চরাচরলোকে এই অপরূপ আকুল আলোকে দাঁড়াও হে, আমার পরান পলকে পলকে চোখে চোখে তব দরশ মাগে। এই-যে ধরণী চেয়ে ব’সে আছে ইহার মাধুরী বাড়াও হে। ধুলায় বিছানো শ্যাম অঞ্চলে দাঁড়াও হে নাথ, দাঁড়াও হে। যাহা-কিছু আছে সকলই ঝাঁপিয়া, ভুবন ছাপিয়া, জীবন ব্যাপিয়া দাঁড়াও হে। দাঁড়াও যেখানে বিরহী এ হিয়া তোমারি লাগিয়া একেলা জাগে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).