ডাকিছ শুনি জাগিনু প্রভু, আসিনু তব পাশে
ডাকিছ শুনি জাগিনু প্রভু, আসিনু তব পাশে। আঁখি ফুটিল, চাহি উঠিল চরণদরশ-আশে। খুলিল দ্বার, তিমিরভার দূর হইল ত্রাসে। হেরিল পথ বিশ্বজগত, ধাইল নিজ বাসে। বিমলকিরণ প্রেম-আঁখি সুন্দর পরকাশে— নিখিল তায় অভয় পায়, সকল জগত হাসে। কানন সব ফুল্ল আজি, সৌরভ তব ভাসে— মুগ্ধ হৃদয় মত্ত মধুপ প্রেমকুসুমবাসে। উজ্জ্বল যত ভকতহৃদয়, মোহতিমির নাশে। দাও, নাথ, প্রেম-অমৃত বঞ্চিত তব দাসে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).