বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা রে
বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা রে। দেখিস নে কি শুক্নো-পাতা ঝরা-ফুলের খেলা রে। যে ঢেউ উঠে তারি সুরে বাজে কি গান সাগর জুড়ে। যে ঢেউ পড়ে তাহারও সুর জাগছে সারা বেলা রে। বসন্তে আজ দেখ্ রে তোরা ঝরা-ফুলের খেলা রে। আমার প্রভুর পায়ের তলে শুধুই কি রে মানিক জ্বলে। চরণে তাঁর লুটিয়ে কাঁদে লক্ষ মাটির ঢেলা রে। আমার গুরুর আসন-কাছে সুবোধ ছেলে ক জন আছে। অবোধ জমে কোল দিয়েছেন, তাই আমি তাঁর চেলা রে। উৎসবরাজ দেখেন চেয়ে ঝরা-ফুলের খেলা রে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).