বাধা দিলে বাধবে লড়াই, মরতে হবে
বাধা দিলে বাধবে লড়াই, মরতে হবে। পথ জুড়ে কি করবি বড়াই, সরতে হবে॥ লুঠ-করা ধন ক’রে জড়ো কে হতে চাস সবার বড়ো— এক নিমেষে পথের ধুলায় পড়তে হবে। নাড়া দিতে গিয়ে তোমায় নড়তে হবে॥ নীচে বসে আছিস কে রে, কাঁদিস কেন? লজ্জাডোরে আপনাকে রে বাঁধিস কেন? ধনী যে তুই দুঃখধনে সেই কথাটি রাখিস মনে— ধুলার ’পরে স্বর্গ তোমায় গড়তে হবে— বিনা অস্ত্র, বিনা সহায়, লড়তে হবে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).