আয় রে মোরা ফসল কাটি
আয় রে মোরা ফসল কাটি— ফসল কাটি, ফসল কাটি। মাঠ আমাদের মিতা ওরে, আজ তারি সওগাতে মোদের ঘরের আঙন সারা বছর ভরবে দিনে রাতে। মোরা নেব তারি দান, তাই-যে কাটি ধান, তাই-যে গাহি গান— তাই-যে সুখে খাটি। বাদল এসে রচেছিল ছায়ার মায়াঘর, রোদ এসেছে সোনার জাদুকর— ও সে সোনার জাদুকর। শ্যামে সোনায় মিলন হল মোদের মাঠের মাঝে, মোদের ভালোবাসার মাটি-যে তাই সাজল এমন সাজে। মোরা নেব তারি দান, তাই-যে কাটি ধান, তাই-যে গাহি গান— তাই-যে সুখে খাটি।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).