আর নাই রে বেলা, নামল ছায়া ধরণীতে
আর নাই রে বেলা, নামল ছায়া ধরণীতে। এখন চল্ রে ঘাটে কলসখানি ভরে নিতে। জলধারায় কলস্বরে সন্ধ্যাগগন আকুল করে, ওরে, ডাকে আমায় পথের ’পরে সেই ধ্বনিতে। এখন বিজন পথে করে না কেউ আসা যাওয়া। ওরে, প্রেমনদীতে উঠেছে ঢেউ, উতল হাওয়া। জানি নে আর ফিরব কিনা, কার সাথে আজ হবে চিনা— ঘাটে সেই অজানা বাজায় বীণা তরণীতে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).