আজ শ্রাবণের পূর্ণিমাতে কী এনেছিস বল্
আজ শ্রাবণের পূর্ণিমাতে কী এনেছিস বল্— হাসির কানায় কানায় ভরা নয়নের জল। বাদল-হাওয়ার দীর্ঘশ্বাসে যূথীবনের বেদন আসে— ফুল-ফোটানোর খেলায় কেন ফুল-ঝরানোর ছল। ও তুই কী এনেছিস বল্। ওগো, কী আবেশ হেরি চাঁদের চোখে, ফেরে সে কোন্ স্বপন-লোকে। মন বসে রয় পথের ধারে, জানে না সে পাবে কারে— আসা-যাওয়ার আভাস ভাসে বাতাসে চঞ্চল। ও তুই কী এনেছিস বল্।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).