আজ কি তাহার বারতা পেল রে কিশলয়

Rabindranath Tagore

আজ কি তাহার বারতা পেল রে কিশলয়।
ওরা কার কথা কয় রে বনময়।
আকাশে আকাশে দূরে দূরে সুরে সুরে
কোন্ পথিকের গাহে জয়।
যেথা চাঁপা-কোরকের শিখা জ্বলে
ঝিল্লিমুখর ঘন বনতলে,
এসো কবি, এসো, মালা পরো, বাঁশি ধরো—
হোক গানে গানে বিনিময়।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).