সোনার মানুষ ঝলক দেয় দ্বি-দলে

Lalon Fakir

সোনার মানুষ ঝলক দেয় দ্বি-দলে।
যেমন মেঘে বিদ্যুৎ খেলে॥

দল নিরূপণ হবে যদি
জানা যায় সে রূপ-নিধি
মানুষের করণ হবে সিদ্ধি
সে রূপ দেখিলে॥
গুরুকৃপা তনু যারা
নয়ন তাদের দীপ্তকারা
রূপ-আশ্রিত হয়ে তারা
যায় ভবপারে চলে॥
স্বরূপ রূপে রূপের কিরণ
স্বর্গ মর্ত্য পাতাল ভুবন
সিরাজ সাঁই কয়, অবোধ লালন
একবার দেখ নয়ন খুলে॥

Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).