ওরে মন আমার, গেল জানা

Lalon Fakir

ওরে মন আমার, গেল জানা।
কারো রবে না এ ধন জীবন যৌবন
তবে রে কেনে এত বাসনা॥
একবার ডুবুরেরো দেশে
রও দেখি দম কষে
উঠিস্‌নে রে ভেসে
পেয়ে যাতনা॥
যে করিল কালার চরণেরি আশা
জাননা রে ও মন তাহার কি দশা
ভক্ত বলী রাজা ছিল, রাজত্ব তার নিল
বামন রূপে প্রভু ক’রে ছলনা॥
কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল
অতিথ রূপে তার সবংশ নাশিল
তবু না হইল, দুখী করিল
অনুরাগী অতিথের মন করলো সান্ত্বনা॥
প্রহ্লাদ-চরিত্র দেখেছি এ ধামে
কত কষ্ট তার হ’ল কৃষ্ণ-নামে
তারে অগ্নিতে ফেলিল, জলে ডুবাইল
তবু না ছাড়িল শ্রীনাম-সাধনা॥

রামের ভক্ত লক্ষ্মণ ছিল সর্বকালে
শক্তিশেল হানিল তাহার বুকস্থলে
তবু রামচন্দ্রের প্রীতি না ভুলিল ভক্তি
লালন বলে, করো এ বিবেচনা॥

Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).