ওই গোরা কি শুধুই গোরা ওগো নাগরী

Lalon Fakir

ওই গোরা কি শুধুই গোরা ওগো নাগরী
দেখ দেখ ঠাউরে দেখ কেমন শ্রী॥
শ্যাম-অঙ্গে গৌরাঙ্গ মাখা
নয়ন দুটি বাঁকা বাঁকা
মনে যেন দিচ্ছে দেখা
ব্রজের হরি॥
না জানি কোন্‌ ভাব ল’য়ে
এসেছে শ্যাম গৌর হ’য়ে
কদিন বা রাখবে ঢাকিয়ে
নিজ মাধুরী॥
যে হোক সে নাগরা
ক’রবে কুলের কুল সারা,
লালন বলে, দেখবে যারা
সৌভাগ্য তারি॥

Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).